
রাজবাড়ীর কালুখালী উপজেলার সাইনবোর্ড এলাকায় সিমেন্টবোঝাই ট্রাকের এক্সেল ভেঙে যাত্রীবাহী নসিমনের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে ঘটে এই দুর্ঘটনা।
নিহত ব্যক্তি হলেন নাটোরের লালপুর উপজেলার ৩৫ বছর বয়সী আলমাস আলী। তিনি পরিবার-পরিজন নিয়ে গোয়ালন্দে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। আহত হয়েছেন নারী ও শিশুসহ অন্তত আটজন। তাদের মধ্যে রয়েছেন আলমাস আলীর স্ত্রী লিজা বেগম (৩০), মেয়ে ইয়াসমিন (১১), আক্কাস আলীর ছেলে রিয়াদ (১৩), মেয়ে আকলিমা (১৭) এবং আরও কয়েকজন। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, রাজবাড়ী থেকে পাংশার দিকে যাচ্ছিল ট্রাকটি। পথে এক্সেল ভেঙে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায় এবং নসিমনকে ধাক্কা দেয়। এতে আলমাস আলী চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে তাকে উদ্ধার করেন।
পাংশা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, “ট্রাকের এক্সেল ভেঙে নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে।”