
যশোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মুরাদ আহমেদ (৪৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা বাসসহ চালককে আটক করে গণপিটুনি দেয়।
সোমবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে যশোর-নড়াইল সড়কের দাইতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুরাদ আহমেদ যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি মডার্ন ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ লিমিটেডের যশোর অঞ্চলের একজন ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
মডার্ন ইলেকট্রিক্যাল ওয়ার্কশপের কর্মকর্তা আব্দুল আলীম জানান, সকালে অফিসের কাজে বাইসাইকেলযোগে ছাতিয়ানতলার দিকে যাচ্ছিলেন মুরাদ। দাইতলা বাজার এলাকায় পৌঁছালে নড়াইলগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তার বাইসাইকেলে ধাক্কা দেয়।
এতে তিনি বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, দুর্ঘটনার পর এলাকাবাসী বাসচালক রায়হান (২৫) কে বাসসহ আটক করে মারধর করে। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।