
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার সময় মহাসড়কে ট্রাক্টর থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় মোহাম্মদ সাকিল (২২) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
রোববার (১৪ জুন) সকাল ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার আরশিনগর ফিউচার পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ সাকিল ওই এলাকার বাসিন্দা তোফাজ্জল হোসেনের ছেলে।
স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বারইয়ারহাট থেকে জোরারগঞ্জ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে ট্রাক্টরে করে যাচ্ছিলেন সাকিল ও তার সহকর্মীরা। পথে আরশিনগর ফিউচার পার্ক এলাকায় ট্রাক্টরের চাকা খুলে গেলে তিনি সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নিহতের বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুজ্জামান ভুঁইয়া বলেন, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং পরিবারের সদস্যদের জানানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।