
মানসিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি এবং গবেষণাভিত্তিক চিকিৎসা পদ্ধতির কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে রাজধানীতে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) রাজধানীর ঢাকা আহছানিয়া মিশনের অডিটোরিয়ামে ঢাকা আহছানিয়া মিশন (স্বাস্থ্য সেক্টর) ও আইএসএসএপি বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ২২ জন মনোচিকিৎসক, মনোসামাজিক পরামর্শদাতা এবং মানসিক স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবী অংশ নেন।
প্রশিক্ষণ পরিচালনা করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ক্লিনিক্যাল মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জহির উদ্দিন। তিনি মানসিক স্বাস্থ্যসেবায় গবেষণাভিত্তিক চিকিৎসা পদ্ধতির গুরুত্ব তুলে ধরে অংশগ্রহণকারীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা অর্জনের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
কর্মশালায় মনোসংযোগ চর্চা, মানসিক সংকট মোকাবিলার কৌশল, আবেগ নিয়ন্ত্রণ, আত্মপ্রশান্তির পদ্ধতি এবং ব্যক্তিগত সম্পর্ক উন্নয়নের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি বাস্তব ঘটনার বিশ্লেষণ, দলীয় আলোচনা এবং ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীদের পেশাগত সক্ষমতা আরও জোরদারের উদ্যোগ নেওয়া হয়।
আয়োজকরা জানান, দেশে মানসিক স্বাস্থ্যসেবার চাহিদা দ্রুত বাড়ছে। এ বাস্তবতায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগের মাধ্যমে পেশাজীবীরা আধুনিক, কার্যকর ও গবেষণাভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবা দিতে আরও সক্ষম হবেন।
তারা আরও বলেন, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা সেবাগ্রহীতাদের জন্য মানসম্মত ও মানবিক মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ অব্যাহত থাকবে।
দিনব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারীদের পরবর্তীতে সনদপত্র প্রদান করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।