
মাদারীপুরে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়ক এর সদর উপজেলার সমাদ্দার বিসমিল্লাহ অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অজয় কুমার হাওলাদার বরগুনার পাথরঘাটা উপজেলার তালুকের চরদুয়ানা গ্রামের শৈলেন চন্দ্র হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, বরিশাল থেকে গ্যাস সিলিন্ডার বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল একটি ট্রাক। সমাদ্দার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক ও হেলপার গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিকআপ চালক অজয় কুমার হাওলাদারকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত হেলপারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠানো হয়েছে।
এ বিষয়ে মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশীদ জানান, দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।