
খেলাধুলা কেবল শারীরিক সক্ষমতা নয়, এটি মানুষকে গড়ে তোলে আত্মবিশ্বাসী, শৃঙ্খলাবদ্ধ ও ইতিবাচক মানসিকতার অধিকারী হিসেবে। বর্তমান সমাজে তরুণ প্রজন্মকে মাদকসহ বিভিন্ন সামাজিক বিপথগামিতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, খেলাধুলা তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারে এবং একটি মাদকমুক্ত, সুস্থ প্রজন্ম গঠনে সহায়ক ভূমিকা রাখে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ষষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘বর্তমান সময়ে আমাদের তরুণ সমাজের জন্য মাদক ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এটা থেকে পরিত্রাণের উপায় হিসেবে সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানো। তরুণদের খেলাধুলায় বেশি মনোনিবেশ করতে হবে। এজন্য আমাদের খেলার মাঠ দরকার- তাদের খেলাধুলার পরিবেশ তৈরি করে দেওয়া দরকার। যুবসমাজকে মরণফাঁদ মাদকের হাত থেকে মুক্ত রাখতে সকলকে উদ্যোগী হওয়া দরকার।’
বেসবলও একসময় জনপ্রিয়তা পাবে উল্লেখ করে বশিরউদ্দীন বলেন, পৃথিবীর দ্বিতীয় জনপ্রিয় খেলা বেসবল। তবে আমাদের জন্য নতুন। জাতি হিসেবে আমরা অনেক নতুন খেলাকে গ্রহণ করেছি। হলিউডের সিনেমায় বেসবল খেলা দেখেছি। সেখানে দেখেছি এটা পরিবারকে একত্রিত করে, আবেগকে একত্রিত করে।
উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, ‘এ খেলায় অভ্যস্ততা তৈরির মাধ্যমে আমাদের যুব সমাজ যেমন উপকৃত হবে তেমনি বিশ্ব দরবারে দেশের সম্মানও বাড়বে।’
বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আফজালুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত আইজিপি (এডমিন) কাজী মো. ফজলুল করিম, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) মির্জা সিফাত ই খুদা, সাউথ এশিয়ান বেসবল ও সফটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. অনুপম হোসেন এবং বাংলাদেশ সফটবল ও বেসবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তালহা যুবায়ের।
বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই চ্যাম্পিয়নশিপের জন্য প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মোট ১২টি দল। আগামী ১ নভেম্বর প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।