ঢাকামঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

ভারতে ইলিশ রফতানি বন্ধে সরকারকে আইনি নোটিশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২৬, ২:২১ বিকাল

Link Copied!

দেশের বাজারে ইলিশের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণ এবং ভারতের মাধ্যমে অন্যান্য দেশে ইলিশ ‘পুনঃরফতানি’ করে বাণিজ্যিকভাবে শোষণ বন্ধের দাবিতে ভারতে ইলিশ রফতানি পুরোপুরি নিষিদ্ধ করার কথা বলে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে প্রতিরোধমূলক এই আইনি নোটিশ পাঠান।

মন্ত্রিপরিষদ সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদফতরের মহাপরিচালক এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বরাবর নোটিশটি পাঠানো হয়েছে।

নোটিশে অভিযোগ করা হয়েছে, বিগত বছরগুলোতে স্থানীয় বাজারে সংকট ও উচ্চমূল্য উপেক্ষা করে ভারতে অত্যন্ত কম দামে, মাত্র ১০ মার্কিন ডলারে, ইলিশ রফতানি করা হয়েছিল। নোটিশে আরও দাবি করা হয়, ভারতীয় আমদানিকারকেরা বাংলাদেশ থেকে কম দামে ইলিশ নিয়ে তা যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে প্রতি কেজি ৪০ থেকে ৫০ মার্কিন ডলারে পুনঃরফতানি করে বিপুল মুনাফা করছে।

আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুনের দাবি, ভারতীয় মধ্যস্বত্বভোগীদের এই বাণিজ্যিক কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ সরকার বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হচ্ছে এবং দেশের জাতীয় মাছ ইলিশ বিদেশের বাজারে শোষিত হচ্ছে।

নোটিশে ইলিশের বর্তমান বাজারদর নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, বর্তমানে খুচরা ও পাইকারি বাজারে এক কেজি ওজনের ইলিশের দাম প্রায় ২ হাজার ৬০০ থেকে ৩ হাজার টাকা। এর ফলে সাধারণ নাগরিক, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের জন্য জাতীয় মাছ ইলিশ কেনা কঠিন হয়ে পড়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে সংবিধানের ২১(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব বলেও উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, সরকার এখনো ভারতে ইলিশ রফতানির কোনো আনুষ্ঠানিক অনুমতি বা চূড়ান্ত নীতিগত সিদ্ধান্ত ঘোষণা করেনি। তবে সাধারণ ভোক্তাদের স্বার্থ বিবেচনায় কোনো ক্ষতিকর সিদ্ধান্ত নেওয়া ঠেকাতে আগাম ব্যবস্থা হিসেবে এই আইনি নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে রাষ্ট্রের বৈদেশিক মুদ্রার প্রয়োজন হলে ভারতীয় মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে সরাসরি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারে আন্তর্জাতিক মূল্যে উদ্বৃত্ত ইলিশ রফতানির জন্য স্বচ্ছ রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়নের প্রস্তাব দেওয়া হয়েছে।

আগামী সাত দিনের মধ্যে ভারতে ইলিশ রফতানির যেকোনো প্রশাসনিক উদ্যোগ বা নীতিগত সিদ্ধান্ত নিষিদ্ধ করে স্থানীয় বাজারে ইলিশের সর্বোচ্চ সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে এসব পদক্ষেপ নেওয়া না হলে নাগরিকদের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট দায়ের করা হবে বলে নোটিশে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

মেক্সিকোর উপকূলে আছড়ে পড়তে যাচ্ছে হারিকেন পোলো

পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা, ভোরে কুয়াশা-শিশির

চট্টগ্রাম-কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

Dhaka University and Insurance News BD to Conduct Joint Research on Challenges and Prospects of the Insurance Sector

শীতের আগেই দিল্লিতে বায়ুদূষণ ঠেকাতে নির্মাণকাজ বন্ধ

এক ইউনিয়নের সার অন্য ইউনিয়নে পাচার, ডিলারকে জরিমানা

নিষেধাজ্ঞার চাপেও থামেনি ইরানের আন্তর্জাতিক বিমান চলাচল

গভীর নিম্নচাপের প্রভাবে কয়েক দিন বাড়তে পারে বৃষ্টি

ময়মনসিংহে বাড়ছে জলাতঙ্কের ঝুঁকি

বীমা খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে যৌথ গবেষণায় ঢাবি ও ইন্স্যুরেন্স নিউজ বিডি