ঢাকাবুধবার , ১৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

প্রোস্টেট ক্যানসার শনাক্তে নতুন নির্দেশনা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৬, ১২:৫১ বিকাল

Link Copied!

প্রোস্টেট ক্যানসার আগেভাগে শনাক্ত করতে নতুন নির্দেশনা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের আমেরিকান ক্যানসার সোসাইটি (এসিএস)। এতে গড় ঝুঁকিতে থাকা পুরুষদের ৫০ থেকে ৬৯ বছর বয়স পর্যন্ত প্রতি দুই বছর অন্তর প্রোস্টেট-স্পেসিফিক অ্যান্টিজেন (পিএসএ) রক্ত পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। আর যেসব পুরুষের এ ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি, তাদের ৪৫ বছর বয়স থেকেই পরীক্ষা শুরু করতে বলা হয়েছে।

১২ নভেম্বর প্রকাশিত নতুন নির্দেশনায় বলা হয়েছে, কৃষ্ণাঙ্গ পুরুষ এবং যাদের পরিবারের নিকটাত্মীয়দের মধ্যে প্রোস্টেট ক্যানসারের ইতিহাস রয়েছে, তাদের জন্য আগেভাগে পরীক্ষা জরুরি। উচ্চ ঝুঁকিতে থাকা এসব পুরুষের ৪৫ থেকে ৬৯ বছর বয়স পর্যন্ত প্রতিবছর পিএসএ পরীক্ষা করার সুপারিশ করা হয়েছে।

তবে পরিবারের একজন নিকটাত্মীয়ের ৬৫ বছর বা তার বেশি বয়সে প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়ে থাকলে সংশ্লিষ্ট পুরুষদেরও ৪৫ বছর বয়স থেকে পরীক্ষা শুরু করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে দুই বছর পরপর পরীক্ষা করলেই হবে।

নির্দেশনায় ৭০ থেকে ৭৪ বছর বয়সী পুরুষদের পরীক্ষা চালিয়ে যাওয়ার বিষয়ে চিকিৎসকের সঙ্গে আলোচনা করতে বলা হয়েছে। এ বয়সে পরীক্ষার সম্ভাব্য উপকারিতা ও ঝুঁকি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে।

অন্যদিকে, ৭৫ বছর বা তার বেশি বয়সীদের নিয়মিত পিএসএ পরীক্ষা করার সুপারিশ করা হয়নি। একইভাবে, যাদের আয়ু আরও অন্তত ১০ বছর থাকার সম্ভাবনা নেই, তাদের ক্ষেত্রেও এ পরীক্ষা না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

পিএসএ পরীক্ষা মূলত রক্তে প্রোস্টেট-স্পেসিফিক অ্যান্টিজেনের মাত্রা পরিমাপ করে। প্রোস্টেট গ্রন্থির স্বাভাবিক ও ক্যানসার আক্রান্ত-উভয় ধরনের কোষ থেকেই এ প্রোটিন তৈরি হতে পারে। তাই রক্তে পিএসএর মাত্রা বেশি পাওয়া গেলেই ক্যানসার হয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, ৪৫ থেকে ৬৯ বছর বয়সীদের ক্ষেত্রে পিএসএর মাত্রা প্রতি মিলিলিটারে ৩ ন্যানোগ্রাম বা তার বেশি এবং ৭০ থেকে ৭৪ বছর বয়সীদের ক্ষেত্রে ৬ দশমিক ৫ ন্যানোগ্রাম বা তার বেশি হলে পুনরায় পরীক্ষা করা উচিত। প্রথম পরীক্ষার দুই সপ্তাহ থেকে তিন মাসের মধ্যে এ পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।

পুনরায় পরীক্ষাতেও মাত্রা বেশি থাকলে চিকিৎসকের পরামর্শে প্রোস্টেটের এমআরআই অথবা বায়োমার্কার পরীক্ষা করা যেতে পারে। এসব পরীক্ষার মাধ্যমে বায়োপসি প্রয়োজন কি না, তা নির্ধারণে সহায়তা পাওয়া যায়।

আমেরিকান ক্যানসার সোসাইটির মতে, পিএসএ পরীক্ষার মাধ্যমে প্রোস্টেট ক্যানসার আগেভাগে শনাক্ত করা গেলে রোগটি ছড়িয়ে পড়ার আগেই চিকিৎসার সুযোগ তৈরি হয়। নতুন নির্দেশনা তৈরির পেছনে পরীক্ষার উপকারিতা নিয়ে সাম্প্রতিক গবেষণার প্রমাণ এবং অতিরিক্ত পরীক্ষা ও চিকিৎসার ক্ষতি কমানোর অগ্রগতিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

তবে পিএসএ পরীক্ষার কিছু সীমাবদ্ধতাও রয়েছে। পরীক্ষায় ভুলভাবে ক্যানসারের আশঙ্কা দেখা দিতে পারে, আবার ধীরে বাড়তে থাকা এমন ক্যানসারও শনাক্ত হতে পারে, যা হয়তো জীবনের জন্য তাৎক্ষণিক হুমকি নয়। এসব ক্ষেত্রে অপ্রয়োজনীয় বায়োপসি ও চিকিৎসার ঝুঁকি তৈরি হতে পারে। প্রোস্টেট ক্যানসারের কিছু চিকিৎসায় প্রস্রাব নিয়ন্ত্রণে সমস্যা, যৌন সক্ষমতা কমে যাওয়া এবং অন্ত্রের জটিলতাও দেখা দিতে পারে।

এ কারণে পরীক্ষা শুরুর আগে রোগীকে সম্ভাব্য উপকারিতা, সীমাবদ্ধতা ও ঝুঁকি সম্পর্কে চিকিৎসকের সঙ্গে আলোচনা করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। কম ঝুঁকির প্রোস্টেট ক্যানসার শনাক্ত হলে তাৎক্ষণিক চিকিৎসার পরিবর্তে নিয়মিত পর্যবেক্ষণের সুযোগও বিবেচনা করতে বলা হয়েছে।

আমেরিকান ক্যানসার সোসাইটির এই নির্দেশনা ২০১০ সালের পর প্রথম বড় হালনাগাদ। নতুন নির্দেশনাটি CA: A Cancer Journal for Clinicians সাময়িকীতে প্রকাশিত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন চিকিৎসা ও স্বাস্থ্য সংস্থার মধ্যে প্রোস্টেট ক্যানসার স্ক্রিনিং নিয়ে এখনো মতপার্থক্য রয়েছে। ফলে নতুন সুপারিশ সব চিকিৎসা নির্দেশনায় যুক্ত হতে সময় লাগতে পারে।

তথ্যসূত্র: ABC News, American Cancer Society।

Facebook Comments Box

আরও পড়ুন

টিকাদানের হার কমায় যুক্তরাষ্ট্রে আবারও ভয়ংকর রূপে ফিরছে হাম

RYZE to advance AI innovation through DIGITX partnership

এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স

পটাশিয়ামসমৃদ্ধ বিকল্প লবণে বছরে ৩০ লাখ মৃত্যু এড়ানো সম্ভব : গবেষণা

উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনের ওপর গুরুত্ব দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

তেঁতুলিয়ায় একদিনে তাপমাত্রা কমল ১.৭ ডিগ্রি, বাড়ছে শীতের দাপট

৫ দফায় স্বর্ণের দাম কমল ১২ হাজার টাকা, আজ বাজারে কত?

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় ‘আকভান’ শক্তিশালী হচ্ছে, ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়ো হাওয়ার পূর্বাভাস

জলবায়ু সহনশীল উন্নয়নে বাংলাদেশে ৪ হাজার কোটি বিনিয়োগ করছে ইফাদ

বিআরবি ও আর.এ.কে ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল গিজার তৈরি, ২ লাখ টাকা জরিমানা