
বিদেশফেরত যাত্রীদের জন্য সুখবর নিয়ে এসেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২ জুলাই, ২০২৫ থেকে কার্যকর হতে যাওয়া নতুন ব্যাগেজ রুলস অনুযায়ী, কোনো শুল্ক বা কর পরিশোধ না করেই একজন যাত্রী বছরে একবার সর্বমোট ১০ ভরি (১০০ গ্রাম) স্বর্ণালংকার বা ২০০ গ্রাম রৌপ্যের অলংকার আনতে পারবেন।
‘অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৫’ শিরোনামে প্রণীত এই নিয়মে যাত্রীবান্ধব ও বাস্তবভিত্তিক সুবিধা নিশ্চিত করতে এনবিআর বিভিন্ন পক্ষের মতামতের ভিত্তিতে ২ জুলাই এসআরও নং ৩১২-আইন/২০২৫/১০২/কাস্টমস জারি করে সংশোধন করেছে।
নতুন রুলসে আরও যেসব পরিবর্তন আনা হয়েছে:
একজন যাত্রী প্রতি বছর একবার শুল্ক ছাড়াই একটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন।
প্রবাসী বাংলাদেশিরা, যারা ন্যূনতম ৬ মাস বিদেশে অবস্থান করেছেন এবং BMET কার্ডধারী, তারা বছরে ২টি নতুন মোবাইল ফোন আনতে পারবেন সম্পূর্ণ শুল্কমুক্তভাবে।
বছরে একবার, ৫ হাজার টাকা শুল্ক-কর পরিশোধ করে ১০ ভরি ওজনের একটি স্বর্ণবার আনতে পারবেন যাত্রীরা।
ব্যাগেজ ঘোষণা প্রক্রিয়াকে সহজ করতে চালু করা হয়েছে অনলাইন ফরম পূরণ ব্যবস্থা। তবে যাত্রীদের কাস্টমস হল ত্যাগ করার আগে ব্যাগেজ ঘোষণা বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে।
এনবিআর জানিয়েছে, নতুন বিধিমালা যাত্রীদের হয়রানি কমাবে এবং ব্যাগেজ সুবিধার অপব্যবহার রোধে সহায়ক হবে। অন্যান্য বিদ্যমান সুবিধাগুলো পূর্বের মতোই বহাল থাকবে।