
দেশের মানসিক রোগীদের জন্য একমাত্র বিশেষায়িত হাসপাতাল পাবনা মানসিক হাসপাতালের মান উন্নয়নে সরকার জোরালো পদক্ষেপ নিতে যাচ্ছে। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান জানান, হাসপাতালের শয্যা সংখ্যা বর্তমানে ৫০০ থেকে এক হাজারে বৃদ্ধি করা হবে। এছাড়া অভিজ্ঞ চিকিৎসক নিয়োগ এবং হাসপাতালের সার্বিক মান উন্নয়নের জন্য একটি বৃহত্তর প্রকল্প গ্রহণ করা হবে, যা পরবর্তীতে একনেকে উপস্থাপন করা হবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল পরিদর্শনকালে তিনি বলেন, “জাতীয় মানসিক ইনস্টিটিউট থাকলেও অবকাঠামোগতভাবে রোগীর থাকার পরিবেশের দিক থেকে পাবনা মানসিক হাসপাতালটি আলাদা। দীর্ঘদিন ধরে কার্যক্রম চালু থাকলেও এটি পুরোপুরি আলোর মুখ দেখেনি। আমরা ইতিমধ্যে পরিকল্পনা পাঠিয়েছি, যেখানে ভবন, ডিপার্টমেন্ট এবং সিনিয়র ডাক্তার নিয়োগসহ সব উন্নয়নমূলক পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকবে।”
পরিদর্শনকালে স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক প্রফেসর ডা. আবু জাফর, জেলা সিভিল সার্জন আবুল কালাম আজাদ, মানসিক হাসপাতালের পরিচালক হেলান উদ্দিন আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।