
নাটোরে কয়েকটি বাস আটকে দেওয়ার ঘটনায় রাজশাহীর পরিবহন মালিকপক্ষের ক্ষোভের জেরে রাজশাহী থেকে সারাদেশের সঙ্গে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বিভিন্ন গন্তব্যে যেতে চাওয়া যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক দিন আগে এ বিরোধের সূত্রপাত। গত ৩ সেপ্টেম্বর রাতে রাজশাহী থেকে দর্শনার উদ্দেশে ছেড়ে যাওয়া রাব্বি পরিবহনের একটি বাস নাটোরে পৌঁছালে সেটি আটকে দেওয়ার অভিযোগ ওঠে।
পরিবহন সংশ্লিষ্টদের দাবি, তুহিন পরিবহনের মালিকপক্ষ বাসটি থামিয়ে যাত্রীদের অন্য একটি বাসে তুলে দেয়। পরে রাব্বি পরিবহনের বাসটি নাটোরে রেখে দেওয়া হয়।
এর জেরে রাজশাহীতে তুহিন পরিবহনের কয়েকটি বাস আটকে রাখা হয়। পরে নাটোরে রাব্বি পরিবহনের বাস ছেড়ে দেওয়া হলে রাজশাহীতে আটক তুহিন পরিবহনের বাসও ছেড়ে দেওয়া হয়। এতে সাময়িকভাবে পরিস্থিতি স্বাভাবিক হলেও দুই পক্ষের বিরোধের স্থায়ী সমাধান হয়নি।
এর মধ্যেই শনিবার সকালে নাটোরে রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলস ও ন্যাশনাল ট্রাভেলসের কয়েকটি বাস আটকে রাখার খবর আসে। এরপর প্রতিবাদে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পরিবহন মালিকপক্ষ।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় রাজশাহী থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যেতে চাওয়া যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।