
নড়াইল সদর উপজেলায় যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেলে শিশু, নারী ও পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার (৬ জুন) রাত ৮টার দিকে নড়াইল-যশোর মহাসড়কের নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, যশোর থেকে যাত্রী নিয়ে একটি লোকাল বাস নড়াইলের উদ্দেশে আসছিল। বাসটি নতুন বাস টার্মিনাল সংলগ্ন নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনের মহাসড়কে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়কের পাশে উল্টে যায়।
দুর্ঘটনায় বাসে থাকা শিশু, নারী ও পুরুষসহ অন্তত ২০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আহতরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
নড়াইল সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হুমায়ুন কবির বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।