
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৪৮ জনের মধ্যে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৬৬৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন ৯৩ জন এবং সন্দেহজনক হামে মারা গেছেন ৫৭৩ জন।
এছাড়া একই সময়ের মধ্যে সারাদেশে মোট ৯০ হাজার ৪৩ জনের মধ্যে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আক্রান্তদের চিকিৎসা ও রোগ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রয়েছে।