
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজী। আজ (রোববার) আরও ৩ হাজার ৬৪৬ জন হাজী নয়টি ফ্লাইটে দেশে ফিরবেন। এর ফলে হজযাত্রীদের অর্ধেকেরও বেশি দেশে পৌঁছে যাবেন।
রোববার (৭ জুন) প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ তথ্যে এ তথ্য জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাকি হাজীরা ফ্লাইট সূচি অনুযায়ী পর্যায়ক্রমে দেশে ফিরবেন। আগামী ১ জুলাই হজের ফিরতি ফ্লাইট কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।
দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অনেক হাজী। তারা হজ পালনের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিক্রিয়ায় সৌদি সরকারের সার্বিক হজ ব্যবস্থাপনার প্রশংসা করেছেন তারা।
সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী হাজীরা এ ব্যবস্থার প্রতি সন্তুষ্টি প্রকাশ করে অন্যদেরও সরকারি মাধ্যমে হজ পালনের পরামর্শ দিয়েছেন।
এদিকে, গত শনিবার পর্যন্ত মক্কা ও মদিনায় বাংলাদেশ হজ মিশনের মেডিকেল সেন্টার থেকে ৫৮ হাজার ৪৯টি স্বয়ংক্রিয় ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। এছাড়া সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন ৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী।
চলতি বছর হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ৪৮ জন বাংলাদেশি হাজীর মৃত্যু হয়েছে। বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ২২ জন হজযাত্রী চিকিৎসাধীন রয়েছেন।