
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৯৯৪ জন।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হওয়ায় চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ জনে। একই সময়ে নতুন ৯৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৯২৩ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত বছর অর্থাৎ ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর ডেঙ্গুতে মারা যান ৪১৩ জন।
এর আগে ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।
অন্যদিকে, ২০২৩ সালে দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয়। ওই বছর আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। একই বছরে ডেঙ্গুতে প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।
চলতি বছরও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তিগতভাবে মশাবাহিত রোগ প্রতিরোধে সতর্ক থাকার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।