
খুলনার ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে একজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন যাত্রী।
বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সাইদুর সরমান সাইদ (২৫)। তিনি পাইকগাছা উপজেলার আছাবুর সরদারের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, বাসটি পাইকগাছা থেকে যাত্রী নিয়ে খুলনার দিকে আসছিল। পথিমধ্যে গুটুদিয়া এলাকায় এসে বেপরোয়া গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি পাশের পুকুরে পড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান হাফিজ জানান, “একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় একজন নিহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বাসটি এখনো পানির মধ্যে রয়েছে এবং উদ্ধার কার্যক্রম চলছে।”