ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬

আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে পৃথক দুই দুর্ঘটনায় যুবক ও কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৩, ২০২৬ ১০:৩৩ পূর্বাহ্ণ । ৯৩ জন

ঝিনাইদহে পৃথক দুটি দুর্ঘটনায় এক যুবক ও এক কিশোর নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে একজন এবং সকালে সদর উপজেলায় ট্রাকচাপায় আরেকজনের মৃত্যু হয়।

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে শুভ চৌধুরী (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শুভ বারবাজার এলাকার বেলাট গ্রামের বিদ্যুৎ চৌধুরীর ছেলে। তিনি পেশায় একজন মোবাইল মেকানিক ছিলেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর বারবাজার এলাকার আউলিয়া মসজিদের পশ্চিম পাশে রেললাইনের পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলার সময় তিনি দুর্ঘটনার শিকার হন।

বারবাজার রেলওয়ে স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর ট্রেন কপোতাক্ষ এক্সপ্রেস সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বারবাজার এলাকা অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

ট্রাকচাপায় কিশোর নিহত

অন্যদিকে, ঝিনাইদহ সদরের নৃসিংহপুর এলাকায় ট্রাকচাপায় হুসাইন (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় প্রান্ত নামের অপর এক কিশোর সামান্য আহত হয়েছে। নিহত হুসাইন কয়েরগাছি গ্রামের শাহিন রহমানের ছেলে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার আব্দুর রাজ্জাক জানান, সকালে বাইসাইকেলে করে হুসাইন তার বাবার জন্য নৃসিংহপুর ইটভাটায় খাবার নিয়ে যাচ্ছিল। ভাটার সামনে পৌঁছালে কালীগঞ্জ থেকে ঝিনাইদহগামী একটি খড়িভর্তি ট্রাক পেছন থেকে সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে হুসাইন ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

সাইকেলে থাকা তার বন্ধু প্রান্ত রাস্তার পাশে ছিটকে পড়ে আহত হয়। তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।