
জয়পুরহাটের পুরানাপুল এলাকায় চিলাহাটি থেকে রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ (৭৩২ নম্বর) ট্রেনের একটি বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে বিকল হয়ে গেছে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে দেশের বিভিন্ন এলাকার ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে। তবে চালক ও ট্রেন পরিচালকের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে শত শত যাত্রী রক্ষা পেয়েছেন।
শনিবার (২২ আগস্ট) সকালে জয়পুরহাটের পুরানাপুল রেলগেট এলাকা পার হওয়ার পরপরই এ ঘটনা ঘটে।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, সকালে চিলাহাটি থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস পুরানাপুল রেলগেট এলাকা পার হওয়ার পর হঠাৎ একটি বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে নিচে নেমে যায়। এতে ট্রেনটি রেললাইনের ওপর আটকে পড়ে।
বরেন্দ্র এক্সপ্রেসের পরিচালক আনোয়ার হোসেন জানান, স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত বুঝতে পারায় ট্রেনটি নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হয়। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে ট্রেন ও যাত্রীরা রক্ষা পেয়েছেন।
ট্রেনটি বিকল হয়ে পড়ায় পার্বতীপুর, সান্তাহার, রাজশাহী ও ঢাকাগামী রুটসহ উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এতে বিভিন্ন স্টেশনে কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
ঘটনার পরপরই পার্বতীপুর ও সান্তাহার জংশন স্টেশনে রিলিফ ট্রেন পাঠানোর জন্য খবর দেওয়া হয়। পরে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানান ট্রেন পরিচালক।
তবে উদ্ধার কাজ শেষ করে কখন বরেন্দ্র এক্সপ্রেস সচল হবে এবং উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি রেল কর্তৃপক্ষ।