
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় বাসের ধাক্কায় অরুন দাশ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া এলাকায় ভিজুয়াল গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অরুন দাশ বালুছড়া জালালাবাদ এলাকার সতীশ দাশের ছেলে। তিনি স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ওমর ফারুক জানান, সকালে কর্মস্থলে যাওয়ার পথে গার্মেন্টসের সামনে রাস্তা পার হচ্ছিলেন অরুন দাশ। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সকাল সাড়ে ৮টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসচাপায় আহত অরুন দাশকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।