
ঘন কুয়াশার কারণে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলায় যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ও পিকআপসহ চারটি যানবাহনের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে খুলনা থেকে রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে আসে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস। বন্দরখোলা এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে সামনে থাকা ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ওষুধ কোম্পানির কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয় বাসটি। এ সময় পেছন থেকে একটি পিকআপ ও একটি প্রাইভেটকারও দুর্ঘটনাকবলিত যানবাহনগুলোর সঙ্গে সংঘর্ষে জড়ায়।
এতে বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো সড়ক থেকে সরিয়ে নেয়। এতে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করে থানায় আনা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।