
গাজীপুরের ধীরাশ্রম এলাকায় টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন।
বুধবার (১৩ মে) রাত ১০টার দিকে ধীরাশ্রম রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত দুই যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই যুবক রেললাইনে দাঁড়িয়ে টিকটক ভিডিও করছিলেন। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেস ধীরাশ্রম স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে তারা ট্রেনটি দেখতে পাননি।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. কাইয়ুম জানান, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। রেলওয়ের নিয়ম অনুযায়ী মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।