
খুলনার বাইপাস-তেলিগাতী সড়কে আরএফএল কোম্পানির একটি পিকআপের সঙ্গে মাছবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বিষে মালো (৬৭) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
রোববার (৯ আগস্ট) সকালে কাঠমান্ডু রেস্টুরেন্টের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পথের বাজার ডিপো থেকে মালামাল নিয়ে আরএফএল কোম্পানির একটি পিকআপ মোড়লগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে মাছবাহী ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সামনে পড়ে যান। এ সময় পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই ভ্যানচালক বিষে মালো নিহত হন।
আড়ংঘাটা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সঞ্জীব বিশ্বাস জানান, নিহতের সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় পিকআপসহ দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।