
তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহে কৃষকের জন্য বাস্তব অর্থায়নের কোনো ঘোষনা আসেনি—এই অভিযোগ তুলে আজ চট্টগ্রামের কর্নফুলী নদীর ফিরিঙ্গী বাজার অভয় মিত্র ঘাটে নৌকা বাইচ, র্যালী ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কপ৩১ চলাকালে ‘আইল থেকে আন্টালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রম আয়োজন করা হয়। বেসরকারী উন্নয়ন সংগঠন আইএসডিই বাংলাদেশ. খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, বিডাব্লিউজিইডি, ক্লিন, প্রান এর যৌথভাবে এই কর্মসূচি আয়োজন করে।

নৌকা বাইচ পুর্ব সমাবেশে বক্তারা বলেন, ৯ নভেম্বর কপ৩১-এর প্রথম দিনটি নির্ধারিত ছিল ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’ দিবস হিসেবে। কিন্তু সেই দিনের আলোচনা থেকে কৃষকের জন্য কোনো সুনির্দিষ্ট অর্থায়ন অঙ্গীকার, সময়সীমা বা বাধ্যতামূলক সিদ্ধান্ত আসেনি। অথচ এফএও-ইউএনডিপির হিসাবে বিশ্বের অভিযোজন চাহিদার ৫৪ শতাংশ কৃষি ও খাদ্যব্যবস্থার, অথচ খাতটি পায় অভিযোজন অর্থের মাত্র ২০ শতাংশ; জলবায়ু-সংশ্লিষ্ট উন্নয়ন অর্থে কৃষির ভাগ ২০০০ সালের ৪৭ শতাংশ থেকে ২০২৩ সালে ১৯ শতাংশে নেমেছে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীর দাবি তোলেন, ২০ নভেম্বরের কপ৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিনগুণের সুস্পষ্ট অঙ্ক রাখতে হবে এবং চাহিদার অনুপাতে তার নির্ধারিত অংশ কৃষি ও খাদ্যব্যবস্থার জন্য বরাদ্দ করতে হবে, যা ক্ষুদ্র কৃষকের কাছে পৌঁছাবে অনুদান হিসেবে, ঋণ হিসেবে নয়। দ্বিতীয়ত, কৃষি ও খাদ্যনিরাপত্তা বিষয়ক শার্ম আল-শেখ যৌথ কার্যক্রমের পরবর্তী ধাপে কৃষিতে ন্যায্য জ্বালানি রূপান্তরকে আনুষ্ঠানিক অগ্রাধিকার করতে হবে এবং ন্যায্য রূপান্তর কর্মসূচিতে কৃষক ও কৃষিশ্রমিকের অধিকার স্পষ্টভাবে স্বীকৃতি দিতে হবে। তৃতীয়ত, সৌর সেচ, সৌরচালিত হিমাগার ও কমিউনিটি মিনি-গ্রিডের মতো বিকেন্দ্রীকৃত নবায়নযোগ্য জ্বালানির মালিকানা থাকতে হবে কৃষক সংগঠন, সমবায় ও নারী কৃষকের হাতে, এবং সবুজ জলবায়ু তহবিল ও অভিযোজন তহবিলে তাঁদের সরাসরি প্রবেশাধিকার দিতে হবে। চতুর্থত, জাতীয় অভিযোজন পরিকল্পনা, এনডিসি ও কপ প্রতিনিধিদলে কৃষক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
আইএসডিই এর কর্মসুচি কর্মকর্তা মোঃ রাইসুল ইসলামের সঞ্চালানায় সংহতি জানিয়েছেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম এম নাজের হোসাইন, নারী নেত্রী ও ক্যাব মহানগরের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের যুগ্ন সম্পাদক মোহাম্মদ জানে আলম, ক্যাব সদরঘাটের সভাপতি মোহাম্দ শাহীন চৌধুরী, আলকরনের মোহাম্মদ মোস্তফা, যুব ক্যাব চট্টগ্রাম মহানগরের মামুনুল ইসলাম ও সিদরাতুল মুনতাহা, আবদুল মান্নান জিহাদ প্রমুখ।