ঢাকাশনিবার , ১৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণ দিবস উপলক্ষে এসআরএসপির আলোচনা সভা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর ২০২৬, ৫:১১ বিকাল

Link Copied!

সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে করণীয় নির্ধারণের লক্ষ্যে আলোচনা সভা করেছে সোসাইটি ফর রোড সেফটি প্রফেশনালস, বাংলাদেশ (এসআরএসপি)। বিশ্ব স্মরণ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এ সভায় সড়ক দুর্ঘটনা কমাতে সমন্বিত উদ্যোগ, বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কার্যকর যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

আগামী ১৫ নভেম্বর রোড ক্র্যাশে নিহত ব্যক্তিদের জন্য বিশ্ব স্মরণ দিবস। এ উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) এসআরএসপি এ আলোচনা সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআরএসপির সভাপতি এবং অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের (এআরআই) প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ড. মো. মাহজারুল হক। সভাটি সঞ্চালনা করেন সংগঠনটির মহাসচিব এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্কুল অব ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথের ডিন ড. কামরান উল বাছেত।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. মাহজারুল হক বিশ্ব স্মরণ দিবসের তাৎপর্য, সড়ক নিরাপত্তার বৈশ্বিক চিত্র এবং বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সফল উদ্যোগ ও অভিজ্ঞতা অনুসরণ করে বাংলাদেশের সড়ক নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন করা সম্ভব।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসআরএসপির সদস্য ও সিআইপিআরবির উপ-নির্বাহী পরিচালক ড. সেলিম মাহমুদ চৌধুরী। তিনি সড়ক দুর্ঘটনা কমাতে এসআরএসপি কীভাবে ভূমিকা রাখতে পারে, তা তুলে ধরেন। একই সঙ্গে সংগঠনটির লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন।

মূল প্রবন্ধ উপস্থাপনের পর অংশগ্রহণকারীদের নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন বিষয় এবং এসআরএসপির কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে দিকনির্দেশনা উঠে আসে। পাশাপাশি সড়ক দুর্ঘটনা কমাতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সংগঠনটির ভূমিকা কীভাবে আরও কার্যকর করা যায়, তা নিয়ে আলোচনা করেন বক্তারা।

এসআরএসপির সহ-সভাপতি ও সিআইপিআরবির নির্বাহী উপদেষ্টা অধ্যাপক ড. একেএম ফজলুর রহমান বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের যেসব অঙ্গীকার রয়েছে, সেগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে সংগঠনের কার্যক্রম নির্ধারণ করতে হবে। বাস্তবায়নযোগ্য বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা কার্যকরভাবে বাস্তবায়ন করা এসআরএসপির অন্যতম দায়িত্ব হওয়া উচিত।

আলোচনা সভায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, নিটোরের সাবেক পরিচালক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান অধ্যাপক, পরিবহন বিশেষজ্ঞ, প্রকৌশলী ও পরিকল্পনাবিদ, আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধি, বিআরটিএর প্রতিনিধি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সড়ক নিরাপত্তাবিষয়ক তরুণ গবেষকেরা উপস্থিত ছিলেন।

শেষে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box

আরও পড়ুন