
জলবায়ু সংকটের জন্য ঐতিহাসিকভাবে দায়ী উন্নত দেশগুলোকে উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু কার্যক্রমে অর্থায়নের দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার অঙ্গীকার বাস্তবায়নে সুনির্দিষ্ট রোডম্যাপ, পরিমাপযোগ্য লক্ষ্যমাত্রা এবং কার্যকর জবাবদিহি নিশ্চিত করতে হবে। তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ বৈশ্বিক দক্ষিণের নাগরিক সমাজের প্রতিনিধিরা এসব দাবি জানিয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৯টায় কপ-৩১ সম্মেলনস্থলের সংবাদ সম্মেলন কক্ষ-২, এরিয়া ডি-৪-এ ‘প্যারিস চুক্তির বাস্তবায়ন ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য বৈশ্বিক জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ নিশ্চিত করা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।
কোস্ট ফাউন্ডেশন, বাংলাদেশ, মুভমেন্ট ফর অ্যাডভান্সিং আন্ডারস্ট্যান্ডিং অব সাসটেইনেবিলিটি অ্যান্ড মিউচুয়ালিটি (মৌসম), ভারত এবং লিডার্স বাংলাদেশ যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, কপ-৩১-এর আলোচনায় অভিযোজন অর্থায়ন তিন গুণ করার প্রস্তাবটি পৃথক আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হলেও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ঐকমত্য না হওয়ায় তা গৃহীত হয়নি। বিদ্যমান আলোচ্যসূচির আওতায় আলোচনা চললেও অর্থায়নের পরিমাণ, উৎস, সময়সীমা ও বাস্তবায়ন কাঠামো নিয়ে এখনো সুস্পষ্ট সমঝোতা হয়নি।
তাঁরা বলেন, কপ-৩১-কে আরেকটি প্রতিশ্রুতির সম্মেলনে সীমাবদ্ধ রাখা যাবে না; বরং এটিকে বাস্তবায়ন ও জবাবদিহির সম্মেলনে পরিণত করতে হবে। প্যারিস চুক্তির ৯.১ অনুচ্ছেদ অনুযায়ী, ঐতিহাসিক দায় ও অর্থনৈতিক সক্ষমতার ভিত্তিতে উন্নত দেশগুলোকে উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু কার্যক্রমে অর্থায়নের বাধ্যবাধকতা পূরণ করতে হবে।
এ ছাড়া বড় নির্গমনকারী দেশগুলোর জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সীমার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত, সুশৃঙ্খল ও ন্যায়সংগত উত্তরণ এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি (লস অ্যান্ড ড্যামেজ) মোকাবিলায় নতুন, অতিরিক্ত, পর্যাপ্ত, পূর্বানুমানযোগ্য ও অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ভারতের মৌসমের সৌম্য দত্ত, বাংলাদেশের কোস্ট ফাউন্ডেশনের এম. এ. হাসান, নেপালের পিপলস মুভমেন্ট ফর ক্লাইমেট জাস্টিসের প্রয়াস অধিকারী, শ্রীলঙ্কার ফিয়ান-এর থিলক কারিয়াওয়াসাম, ভারতের পৈরভির অজয় কুমার এবং লিডার্স বাংলাদেশের মোহন কুমার মণ্ডল।
ভারতের সৌম্য দত্ত বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো ভয়াবহ বন্যাসহ বিভিন্ন জলবায়ুজনিত দুর্যোগে বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়ছে। এসব দুর্যোগের প্রভাব কোনো একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন ডলার হলেও ঘোষিত অনুদান প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য। এ পরিস্থিতি আন্তর্জাতিক মানবিক সহায়তা ও অর্থায়ন ব্যবস্থার সীমাবদ্ধতা তুলে ধরছে। তাই ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে আঞ্চলিক সংহতি, পারস্পরিক সহযোগিতা এবং পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা জরুরি।
নেপালের প্রয়াস অধিকারী বলেন, জলবায়ু অর্থায়নের বর্তমান ব্যবস্থায় ঔপনিবেশিক ক্ষমতা ও নিয়ন্ত্রণের চর্চা রয়েছে। বৈশ্বিক দক্ষিণের দেশগুলো খরা, বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগে বিপুল ক্ষয়ক্ষতি ও বাস্তুচ্যুতির শিকার হলেও প্রয়োজনীয় অর্থ পেতে তাদের জটিল আবেদন, অনুমোদন ও অর্থ ছাড়ের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এ কাঠামো থেকে বেরিয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য পর্যাপ্ত, সহজ, দ্রুত ও সরাসরি অর্থায়ন নিশ্চিত করতে হবে।
ভারতের অজয় কুমার বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলবায়ু অর্থায়নের ঘাটতি ৮২০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। অথচ বৈশ্বিক জলবায়ু অর্থায়নের খুব সামান্য অংশই এ অঞ্চলে পৌঁছায়। প্রাপ্ত অর্থায়নের ৮০ শতাংশের বেশি পূর্ব এশিয়ায় কেন্দ্রীভূত, যেখানে দক্ষিণ এশিয়ার অংশ অত্যন্ত সীমিত। এ বৈষম্য জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর সংকট আরও বাড়াচ্ছে। তাই দক্ষিণ এশিয়ার জন্য ন্যায্য, পর্যাপ্ত ও সরাসরি অর্থায়ন নিশ্চিত করতে হবে।
শ্রীলঙ্কার থিলক কারিয়াওয়াসাম বলেন, জলবায়ু অর্থায়নের মূল লক্ষ্য হওয়া উচিত ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়া। কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি ও অর্থায়ন প্রক্রিয়া থাকা সত্ত্বেও তহবিল তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছাচ্ছে না। বাস্তুচ্যুত মানুষ ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত জনগোষ্ঠীর প্রয়োজন কীভাবে পূরণ হবে, সে প্রশ্নও রয়েছে। তাই জলবায়ু অর্থায়নে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর কাছে অর্থের সরাসরি প্রবাহ নিশ্চিত করতে হবে।
লিডার্স বাংলাদেশের মোহন কুমার মণ্ডল বলেন, লস অ্যান্ড ড্যামেজ আলোচনায় জলবায়ুজনিত বাস্তুচ্যুতিকে অগ্রাধিকার দিতে হবে। বাস্তুচ্যুতি মোকাবিলায় বিশেষায়িত অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি পরিকল্পিত পুনর্বাসন ও স্থানান্তরের ক্ষেত্রে মানবাধিকার, নিরাপত্তা এবং মানুষের মর্যাদা নিশ্চিত করা জরুরি। এ জন্য আঞ্চলিক সহযোগিতা ও তথ্য বিনিময় জোরদার করতে হবে এবং প্রতিশ্রুত অর্থ দ্রুত বাস্তব পদক্ষেপে রূপান্তর করতে হবে।
কোস্ট ফাউন্ডেশন, বাংলাদেশের এম. এ. হাসান বলেন, প্যারিস চুক্তির ৯.১ অনুচ্ছেদ অনুযায়ী উন্নত দেশগুলোর ওপর উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু কার্যক্রমে অর্থায়নের বাধ্যবাধকতা রয়েছে। এটি কোনো দয়া বা স্বেচ্ছামূলক সহায়তা নয়; বরং আন্তর্জাতিক চুক্তিতে স্বীকৃত দায়িত্ব। কপ-৩১-এর ক্লাইমেট ফাইন্যান্স ওয়ার্ক প্রোগ্রামে এ দায়িত্বের পরিধি ও অর্থায়নের উৎস নিয়ে মতপার্থক্য দেখা যাচ্ছে। বেসরকারি অর্থায়ন দিয়ে উন্নত দেশগুলোর ৯.১ অনুচ্ছেদের বাধ্যবাধকতা প্রতিস্থাপন করা যাবে না বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে আরও দাবি জানানো হয়, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর জন্য অর্থায়নে সরাসরি প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। অর্থ ছাড়ের প্রক্রিয়া দ্রুত, সহজ ও স্বচ্ছ করতে হবে এবং অর্থায়নের ক্ষেত্রে কার্যকর জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে।
বক্তারা বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় শুধু অর্থায়নের প্রতিশ্রুতি যথেষ্ট নয়। সেই অর্থ কোথা থেকে আসবে, কীভাবে বণ্টন হবে এবং প্রকৃত ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে কীভাবে পৌঁছাবে, তা নিশ্চিত করতে হবে। জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায় স্বীকার এবং প্রতিশ্রুত অর্থ বাস্তবে ছাড় করা জরুরি।