
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো ও উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাস পরিস্থিতিকে ‘জনস্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক জরুরি অবস্থা’ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি সতর্ক করে বলেছে, প্রতিবেশী দেশগুলোতে এ রোগ দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোববার (১৭ মে) এই ঘোষণা দেয়। এর আগে গত শুক্রবার গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে ইবোলা প্রাদুর্ভাবে এখন পর্যন্ত ৮০ জনের মৃত্যু হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, সীমান্তবর্তী দেশগুলোতে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা বেশি। বিশেষ করে যেসব দেশের সঙ্গে কঙ্গোর স্থলসীমান্ত রয়েছে, সেখানে নজরদারি ও স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরামর্শ দেওয়া হয়েছে।
এবারের প্রাদুর্ভাব বুন্দিবুগিও নামের ভাইরাস ধরনের কারণে ঘটছে, যার জন্য এখনো কোনো অনুমোদিত টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। কঙ্গোতে প্রায় ২৪৬ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। প্রতিবেশী উগান্ডাতেও সংক্রমণ ছড়িয়ে পড়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বর্তমান পরিস্থিতি এখনো বৈশ্বিক মহামারি ঘোষণার পর্যায়ে পৌঁছায়নি। সংস্থাটি সীমান্ত বন্ধ না করে বরং স্বাস্থ্য পরীক্ষা, নজরদারি এবং দ্রুত রোগ শনাক্তকরণ কার্যক্রম জোরদার করার পরামর্শ দিয়েছে।
ইবোলা একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ, যা আক্রান্ত ব্যক্তির শরীরের তরল পদার্থের সরাসরি সংস্পর্শে ছড়ায়। এ রোগে জ্বর, দুর্বলতা, মাথাব্যথা, পেশিতে ব্যথা দেখা দেয় এবং পরবর্তী পর্যায়ে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল হয়ে প্রচণ্ড রক্তক্ষরণের ঝুঁকি তৈরি হয়। এই রোগের এখনো নির্দিষ্ট কোনো নিরাময় চিকিৎসা আবিষ্কৃত হয়নি।