
ভারতের আসাম রাজ্যের জোরহাটে ভারতীয় বিমানবাহিনীর একটি এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে জোরহাট এয়ার ফোর্স স্টেশনে অবতরণের সময় বিমানটি ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।
দুর্ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণে বিমানবাহিনীর জরুরি উদ্ধার ও অগ্নিনির্বাপণ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ কিংবা এতে কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ভারতীয় বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, জোরহাটে তাদের একটি পরিবহন বিমান দুর্ঘটনার শিকার হয়েছে এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও জানিয়েছেন, তারা বিষয়টির পূর্ণাঙ্গ তথ্যের অপেক্ষায় রয়েছেন।
এএন-৩২ একটি দ্বৈত ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান, যা দীর্ঘদিন ধরে ভারতীয় বিমানবাহিনীর বহরে ব্যবহৃত হচ্ছে। সোভিয়েত ইউনিয়নে ভারতের প্রয়োজন অনুযায়ী তৈরি হওয়া এই বিমানকে বিমানবাহিনীর “ওয়ার্কহর্স” হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর বহরে প্রায় ১০০টি এ ধরনের বিমান রয়েছে।
কঠিন ভৌগোলিক পরিবেশে পরিচালনার উপযোগী এএন-৩২ উচ্চ পার্বত্য অঞ্চল এবং গরম ও আর্দ্র আবহাওয়াতেও কার্যকরভাবে উড়তে সক্ষম। এটি সর্বোচ্চ ৭ দশমিক ৫ টন মালামাল, ৫০ জন যাত্রী অথবা ৪২ জন প্যারাট্রুপার বহন করতে পারে এবং দুর্গম এলাকায় সরঞ্জাম ও রসদ পৌঁছে দিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সূত্র: এনডিটিভি।