
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, অনিয়ম করতে দেওয়া হবে না এবং সুনামের সঙ্গে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে চান তিনি।
শনিবার (২২ আগস্ট) রাতে রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারের হেলমেট হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘বার্ষিক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তাকে যে গুরুদায়িত্ব দিয়েছেন, তা সততার সঙ্গে পালন করতে চান। অর্থনীতি বিভাগের একজন সহকর্মী ও বন্ধু হিসেবে বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল রেখে দেশসেবা করাই তার মূল লক্ষ্য।
অনুষ্ঠানে নিজের বিশ্ববিদ্যালয়জীবন ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, ১৯৬৯-৭০ ব্যাচের শিক্ষার্থী হিসেবে মুক্তিযুদ্ধের কারণে তাদের শিক্ষাজীবন ব্যাহত হয়েছিল।
তিনি বলেন, মুক্তিযুদ্ধ শেষে ফিরে এসে পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল। তখন তৎকালীন বিভাগীয় প্রধান ড. এম এন হুদার সঙ্গে তারা দেখা করে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধে অংশ নেওয়ার বিষয়টি তুলে ধরে বিশেষ মূল্যায়নের অনুরোধ করেন। পরবর্তীতে শিক্ষকদের আন্তরিক সহযোগিতায় তাদের শিক্ষাজীবন নিয়মিত করার ব্যবস্থা করা হয়।
শিক্ষকদের অবদানের কথা স্মরণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গুণী শিক্ষকদের দিকনির্দেশনা ও স্নেহেই তারা আজকের অবস্থানে পৌঁছাতে পেরেছেন।
এ সময় তিনি বিভাগের প্রয়াত শিক্ষক ও সহপাঠীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় চেয়ারম্যান ড. ফেরদৌসী নাহার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউইডিএএ) সভাপতি সৈয়দ আলী জওহর রিজভীসহ বিভাগের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।