
শব্দদূষণ রোধে আতশবাজি ও পটকার ব্যবহার নিয়ন্ত্রণ, অপ্রয়োজনীয় হর্ন বন্ধ এবং নীরব এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানো, অভিযোগ নিষ্পত্তিতে হটলাইন চালু এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রতি তিন মাস অন্তর আদালতে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা জনস্বার্থমূলক এক রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এসব নির্দেশনা দেন। বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
রুলে শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন সংবিধান পরিপন্থী ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত। পাশাপাশি নীরব এলাকাগুলোতে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।
আদেশে নীরব এলাকাগুলোতে যথাযথ চিহ্ন বা সাইনবোর্ড স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এসব এলাকার জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ ও মতবিনিময়ের কথাও বলা হয়েছে।
এ ছাড়া বিভিন্ন কর্মসূচি ও বিশেষ বার্তা, যেমন এসএমএসের মাধ্যমে চালক, নির্মাণস্থলের ব্যবস্থাপক এবং শব্দদূষণ সৃষ্টির সম্ভাবনা রয়েছে এমন ব্যক্তিদের মধ্যে সচেতনতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে বিধিলঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে বলা হয়েছে।
অপ্রয়োজনীয় হর্নের ব্যবহার বন্ধে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ও সড়ক পরিবহন আইন অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আতশবাজি ও পটকার ব্যবহার নিয়ন্ত্রণের কথাও বলা হয়েছে।
শব্দদূষণসংক্রান্ত অভিযোগ ও অসন্তোষ নিষ্পত্তির জন্য বিশেষ ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন আদালত। এ ক্ষেত্রে হটলাইন নম্বর চালুর বিষয়টি উল্লেখ করা হয়েছে। পাশাপাশি টেলিভিশন, রেডিও, সংবাদপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালার বিধান সম্পর্কে সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের এসব নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রতি তিন মাস অন্তর হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে হবে।
আদালতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষে মামলাটি পরিচালনা করেন ব্যারিস্টার মো. আশরাফ আলী। তাঁকে সহযোগিতা করেন আইনজীবী হাসানুল বান্না।
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালতের চারপাশের ১০০ মিটার এলাকাকে সুনির্দিষ্টভাবে ‘নীরব এলাকা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ইতোমধ্যে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরের তিন কিলোমিটার এলাকা, সচিবালয় ও এর আশপাশ, আগারগাঁও, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকা, ডিএনসিসি, গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনকে নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।