ঢাকারবিবার , ১৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঢাকার সড়কে গতি নিয়ন্ত্রণে ৮টি স্পিড ক্যামেরা পেল ডিএমপি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর ২০২৬, ৬:০৭ বিকাল

Link Copied!

ঢাকার সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরানো ও অতিরিক্ত গতিতে গাড়ি চালানো নিয়ন্ত্রণে আটটি স্পিড ক্যামেরা পেয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব ক্যামেরা কার্যকরভাবে পরিচালনার জন্য ডিএমপির ৩২ জন ট্রাফিক পুলিশ কর্মকর্তাকে তিন দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে স্পিড ক্যামেরা পরিচালনা বিষয়ক এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস)-এর আওতায় ডিএমপি ও গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি) যৌথভাবে ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এ কর্মশালার আয়োজন করেছে।

কর্মশালার উদ্বোধন করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনাকে ম্যানুয়াল পদ্ধতি থেকে আধুনিক ডিজিটাল প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় রূপান্তর করা হচ্ছে। এ ক্ষেত্রে ডিজিটাল সরঞ্জামের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের যথাযথ প্রশিক্ষণ প্রয়োজন।

তিনি আরও বলেন, এ প্রশিক্ষণ কর্মকর্তাদের সক্ষমতা ও দক্ষতা বাড়াবে। পাশাপাশি ঢাকায় সড়ক নিরাপত্তামূলক পদক্ষেপ বাস্তবায়ন, বিশেষ করে গতিসীমা ব্যবস্থাপনা নির্দেশিকা কার্যকর করতে সহায়ক হবে।

কর্মশালায় অ্যাক্সিস ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক মো. আবদুর রহিম সরকার লেজার স্পিড ক্যামেরা পরিচালনার প্রশিক্ষণ দেন। এতে অংশগ্রহণকারীরা ক্যামেরা পরিচালনা, দলগতভাবে এর ব্যবহার, ব্যক্তিগত দক্ষতা প্রদর্শন এবং সাধারণ রক্ষণাবেক্ষণ বিষয়ে হাতে-কলমে ধারণা নেন। বাস্তব সড়ক পরিস্থিতিতে ক্যামেরা ব্যবহারের অভিজ্ঞতা অর্জনের জন্য ব্যবহারিক প্রশিক্ষণেরও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জিআরএসপির সিনিয়র রোড পুলিশিং অ্যাডভাইজার পিটার জোনস ও পল সিমকক্স আনুষ্ঠানিকভাবে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমানের কাছে আটটি স্পিড ক্যামেরা হস্তান্তর করেন। বিআইজিআরএসের আওতায় আসন্ন স্পিড এনফোর্সমেন্ট পাইলট প্রকল্প বাস্তবায়নে এসব ক্যামেরা ব্যবহার করা হবে।

এ সময় ঢাকার সড়ক নিরাপদ করতে সহযোগিতার জন্য বিআইজিআরএস ও জিআরএসপিকে ধন্যবাদ জানান মো. আনিসুর রহমান।

বিআইজিআরএস ঢাকা উত্তরের ইনিশিয়েটিভ কো-অর্ডিনেটর ও সাবেক অতিরিক্ত সচিব মো. আবদুল ওয়াদুদ কর্মশালাটি সঞ্চালনা করেন। তিনি ঢাকা শহরের সড়ক নিরাপদ করতে এগিয়ে আসায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ডিএমপিকে ধন্যবাদ জানান।

কর্মশালার শেষ দিনে নিরাপদ সড়ক ব্যবস্থা বা সেফ সিস্টেম অ্যাপ্রোচে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা এবং অতিরিক্ত গতির কারণে সড়ক দুর্ঘটনায় আঘাত ও প্রাণহানির ঝুঁকি নিয়ে আলোচনা হবে। পাশাপাশি স্পিড এনফোর্সমেন্ট প্রযুক্তি ও নিরাপদ চেকপয়েন্ট পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

এদিন বিকেলে অংশগ্রহণকারীদের কয়েকটি দলে ভাগ করে নির্ধারিত সড়কে অনুশীলনমূলক চেকপোস্ট স্থাপন করা হবে। জিআরএসপি প্রশিক্ষকদের তত্ত্বাবধানে পুলিশ কর্মকর্তারা নিরাপদ চেকপয়েন্ট স্থাপন ও স্পিড ক্যামেরা পরিচালনার অনুশীলন করবেন।

অনুষ্ঠানে ভাইটাল স্ট্র্যাটেজিসের টেকনিক্যাল অ্যাডভাইজার আমিনুল ইসলাম সুজন, বিআইজিআরএস ঢাকা উত্তরের এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মো. গোলাম হোসেন, ট্রান্সপোর্ট কো-অর্ডিনেটর প্রকৌশলী রেজাউর রহমান এবং সার্ভেইল্যান্স কো-অর্ডিনেটর ড. তানভীর ইবনে আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

দাবানল, বন্যা ও তীব্র গরমে বিপর্যস্ত বিশ্ব, বাড়ছে প্রাণহানি

নীরবে বাড়ছে ডায়াবেটিস : আক্রান্ত হয়েও জানে না ৬৬ শতাংশ তরুণ

1078 Public Transport Drivers Trained Under BRTA and DAM Initiative

বিআরটিএ ও ডামের উদ্যোগে ১০৭৮ জন গণপরিবহন চালককে প্রশিক্ষণ

কপ-৩১-এ ৩০ মিলিয়ন ডলারের জলবায়ু তহবিল পাচ্ছে বাংলাদেশ

সবুজ জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের আহ্বান পরিবেশমন্ত্রীর

সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণ দিবস উপলক্ষে এসআরএসপির আলোচনা সভা

Those Responsible for the Climate Crisis Must Also Take Responsibility for Its Financing

জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

জ্বালানি খাতে সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও জবাবদিহি নিশ্চিতের দাবি

vivo V80: Premium Experience, Easier Upgrade

প্রি-অর্ডারে মিলছে নতুন ভিভো ভি৮০