
চট্টগ্রাম নগরীর তিনটি গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণে পাইলট প্রকল্প চালু করতে যাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। অতিরিক্ত গতিতে গাড়ি চালানো নিয়ন্ত্রণ ও সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রম পরিচালনার জন্য সিএমপিকে সাতটি লেজার স্পিড ক্যামেরা ও প্রয়োজনীয় সরঞ্জাম দিয়েছে গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, চট্টগ্রাম নগরীতে ৪৪ শতাংশের বেশি যানবাহন নির্ধারিত গতিসীমা অতিক্রম করে চলাচল করে। এর ফলে প্রতিবছর সড়কে প্রায় ১০০ মানুষের প্রাণহানি ঘটে। এ পরিস্থিতি মোকাবিলায় গতিসীমা নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর নজরদারি ও আইন প্রয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির (বিআইজিআরএস) আওতায় জিআরএসপি গত ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত পুলিশ কর্মকর্তাদের জন্য তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এতে লেজার স্পিড ক্যামেরা পরিচালনার কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি সড়কে ব্যবহারিক অনুশীলন করানো হয়।
গত ১০ নভেম্বর চট্টগ্রামের একটি হোটেলের সেমিনার কক্ষে কর্মশালার উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া।
প্রশিক্ষণের প্রথম দুই দিন ক্যামেরা পরিচালনা, দলগতভাবে এর ব্যবহার, সাধারণ রক্ষণাবেক্ষণ ও কারিগরি সমস্যা সমাধানের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি সড়কে ক্যামেরা ব্যবহারের বাস্তব অনুশীলনও করেন অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তারা।
কর্মশালার শেষ দিনে সড়ক নিরাপত্তায় বিশ্বব্যাপী স্বীকৃত সেফ সিস্টেম পদ্ধতিতে পুলিশের ভূমিকা এবং সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত গতির প্রভাব নিয়ে আলোচনা হয়। এদিন যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণে প্রযুক্তির ব্যবহার ও চেকপয়েন্ট পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হয়।
পরে পুলিশ সদস্যদের সাতটি দলে ভাগ করে বায়েজিদ লিংক রোডে পৃথক চেকপয়েন্ট স্থাপন করা হয়। সেখানে স্পিড ক্যামেরা ব্যবহার করে নিরাপদ চেকপয়েন্ট স্থাপন ও পরিচালনার অনুশীলন করেন তারা। জিআরএসপির প্রশিক্ষকেরা মাঠপর্যায়ে এসব কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
কর্মশালাটি পরিচালনা করেন জিআরএসপির সিনিয়র রোড পুলিশিং অ্যাডভাইজার পল সিমক্স ও পিটার জোন্স।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি বলেন, সড়কে আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশ কর্মকর্তাদের নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেওয়া জরুরি। নগরীর সড়কগুলোতে গতিসীমা নিয়ন্ত্রণ কার্যক্রম প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মো. লিয়াকত আলী খান।
হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, জিআরএসপির দেওয়া সাতটি ক্যামেরা যানবাহনের গতিসীমা শনাক্ত ও অতিরিক্ত গতি প্রতিরোধে পুলিশের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে আরও নিয়মতান্ত্রিকভাবে যানবাহনের গতি পর্যবেক্ষণ ও আইন প্রয়োগ করা সম্ভব হবে, যা চট্টগ্রামের সব সড়ক ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।
স্পিড ক্যামেরার পাশাপাশি চেকপয়েন্ট স্থাপনের জন্য পুলিশকে ১৬০টি ট্রাফিক কোন, ৫০টি এলইডি ট্রাফিক ব্যাটন, আটটি সড়ক নির্দেশক সাইনেজ, ৩২টি ইলেকট্রনিক ফ্লেয়ার, আটটি বহনযোগ্য জাডার বার (স্পিড ব্রেকার) এবং আটটি বহনযোগ্য ক্যানভাস তাঁবু দিয়েছে জিআরএসপি।
প্রাথমিকভাবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদিত গতিসীমা কার্যকরের লক্ষ্যে নগরীর তিনটি সড়কে এ পাইলট প্রকল্প পরিচালিত হবে। সড়কগুলো হলো—বায়েজিদ লিংক রোড, চট্টগ্রাম সিটি আউটার রিং রোড এবং শাহ আমানত সেতু সংযোগ সড়ক।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআইজিআরএস চট্টগ্রামের এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর কাজী হেলাল উদ্দিন, ট্রান্সপোর্ট কো-অর্ডিনেটর সুতপা তাসনিম এবং কমিউনিকেশন অফিসার মাহামুদুল হাসান।