
যুক্তরাষ্ট্রে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। দেশটির পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ইতোমধ্যে শত শত মানুষ আক্রান্ত হয়েছেন। চলতি বছর দেশটিতে হামের সঙ্গে সম্পর্কিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।
বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পেনসিলভানিয়ার মিফলিন কাউন্টির করোনার অফিস জানিয়েছে, সর্বশেষ মৃতদের মধ্যে মিফলিন কাউন্টির ১৮ বছর বয়সী এক তরুণ রয়েছেন। হামের বিরল ও গুরুতর স্নায়বিক জটিলতা অ্যাকিউট এনসেফালোমাইলাইটিসে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে, জেফারসন কাউন্টির ৪০ বছর বয়সী এক নারীও হামের জটিলতায় মারা গেছেন। ময়নাতদন্তকারী জানিয়েছেন, হামজনিত কারণে শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, পেনসিলভানিয়ায় চলমান প্রাদুর্ভাবটি তিন দশকেরও বেশি সময়ের মধ্যে রাজ্যটির সবচেয়ে বড় হাম সংক্রমণগুলোর একটি। সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত সেখানে প্রায় ৭০০টি সংক্রমণের খবর পাওয়া গেছে।
জাতীয় পর্যায়ে হামের নিশ্চিত সংক্রমণ ৩ হাজার ২৯৪ ছাড়িয়েছে। এসব সংক্রমণের প্রায় ৯৫ শতাংশ রোগীর টিকাদানের তথ্য নেই অথবা তাঁরা টিকা নেননি।
টিকার সহায়তায় যুক্তরাষ্ট্র ২০০০ সালে হাম নির্মূল করতে সক্ষম হয়েছিল। তবে চলতি বছর দেশটি ১৯৯০-এর দশকের পর থেকে ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড দেখেছে। গত বছর টেক্সাসে হামের প্রাদুর্ভাবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছিল। ওই প্রাদুর্ভাব প্রধানত মেনোনাইট সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়েছিল।
সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে টিকা নেওয়ার বিষয়ে মানুষের দ্বিধা বাড়ায় টিকাদানের হার কমেছে বলে স্বাস্থ্যসংশ্লিষ্টরা উল্লেখ করছেন। এর ফলে হামের সংক্রমণও বাড়ছে।
পেনসিলভানিয়া রাজ্য ও স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গত মাসে হামের জটিলতায় মারা যাওয়া ১৮ বছর বয়সী তরুণ ও ৪০ বছর বয়সী নারী—দুজনই টিকাবিহীন ছিলেন।
এ ছাড়া দুই শিশুরও মৃত্যু হয়েছে। মার্কিন শিশুরা সাধারণত ১২ মাস বয়স না হওয়া পর্যন্ত প্রথম এমএমআর (হাম, মাম্পস ও রুবেলা) টিকা পায় না।
হামের ভাইরাস অত্যন্ত সংক্রামক। টিকা আবিষ্কারের আগে এই ভাইরাস প্রতি বছর লক্ষ লক্ষ শিশুকে আক্রান্ত করত। শরীরে লাল ছোপ ছোপ দাগ বা ফুসকুড়ি এ রোগের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। হাম মারাত্মক হতে পারে এবং কিছু রোগীর ক্ষেত্রে এনসেফালাইটিস ও স্মৃতিশক্তি লোপ পাওয়ার মতো দীর্ঘমেয়াদি জটিলতা দেখা দিতে পারে।
স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, হার্ড ইমিউনিটি বা গোষ্ঠীগত প্রতিরোধ ক্ষমতা অর্জনের জন্য প্রায় ৯৫ শতাংশ মানুষের টিকা গ্রহণ করা প্রয়োজন।
পেনসিলভানিয়ায় মৃত্যুর খবর প্রকাশের পর রাজ্যটির গভর্নর জশ শাপিরো এবং স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়রের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। ডেমোক্রেটিক গভর্নর শাপিরো মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘এই রোগটি ২০০০ সালে যুক্তরাষ্ট্রে নির্মূল বলে ঘোষণা করা হয়েছিল—অথচ কয়েক দশক পরে, কম টিকাদানের হারের কারণে আমরা এর পুনরুত্থান দেখছি।’
শাপিরো কেনেডির বিরুদ্ধে টিকা সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছেন। তিনি মৃতদের পরিবারের গোপনীয়তা রক্ষায় মৃত্যুর বিষয়ে তথ্য গোপন রাখার কথা জানিয়েছেন। অন্যদিকে, কেনেডি প্রশ্ন তুলেছেন, শিশু দুটির মৃত্যু আসলেই হামের কারণে হয়েছিল কি না।
ল্যাঙ্কাস্টার কাউন্টির করোনার স্টিভেন ডায়ামান্টোনি জানিয়েছেন, গত ১৮ আগস্ট হামে আক্রান্ত হয়ে ছয় সপ্তাহ বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ‘আমিশ লেথাল মাইক্রোসেফালি’ নামের একটি বিরল জিনগত রোগ নিয়ে জন্মগ্রহণ করেছিল।
ডায়ামান্টোনি আরও জানান, হামে আক্রান্ত অপর এক শিশু ১৪ আগস্ট জন্মের পরপরই মারা যায়। তার মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে প্লীহা ফেটে যাওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়াকে তালিকাভুক্ত করা হয়েছে।
যুক্তরাষ্ট্র হাম নির্মূলের মর্যাদা হারাবে কি না, সে বিষয়ে আগামী নভেম্বর একটি প্যানেল সিদ্ধান্ত নেবে। কানাডা গত বছর এই মর্যাদা হারিয়েছিল।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা কেনেডির সমালোচনা করে বলেছেন, তাঁর বক্তব্য এবং মার্কিন টিকানীতির পরিবর্তন হামের প্রাদুর্ভাব রোধের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে।