
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা এলাকায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল মাজেদ মোড়ল (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের পাটকেলঘাটা থানার শাকদাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাজেদ মোড়ল সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকার বাসিন্দা। তিনি একজন পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।
মাজেদ মোড়লের ছেলে কালাম মোড়ল ও সালাম মোড়ল জানান, রোববার সকালে তাদের বাবা কাজের জন্য বাইসাইকেলে করে পাটকেলঘাটা বাজারের উদ্দেশে যাচ্ছিলেন। পথে পাটকেলঘাটা থানার শাকদাহ এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সড়ক দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যাওয়ায় এর চালককে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনানুগ বিষয় প্রক্রিয়াধীন।