
গ্রিসে এয়ার শোতে অংশ নেওয়ার সময় একটি এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। শনিবার এথেন্সের উত্তরে তানাগ্রা বিমানঘাঁটির কাছে এ দুর্ঘটনা ঘটে।
এক কর্মকর্তা জানিয়েছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে দুই পাইলটই নিহত হয়েছেন।’ বিমানটি বিমানঘাঁটি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। তবে এ ঘটনায় আশপাশের বাসিন্দা বা এয়ার শো দেখতে আসা দর্শনার্থীদের কেউ আহত হয়েছেন বলে খবর পাওয়া যায়নি।
গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার কয়েক সেকেন্ড আগে এফ-৪ যুদ্ধবিমানটি মাটির মাত্র কয়েক মিটার ওপর দিয়ে উড়ে ডান দিকে বাঁক নিচ্ছিল। এরপরই বিমানটি মাটিতে আছড়ে পড়ে এবং আগুনের গোলায় পরিণত হয়।
বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আশপাশের বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ১১টি অগ্নিনির্বাপণ বিমান ও হেলিকপ্টার কাজ করে। এ সময় বিমানঘাঁটির লাউডস্পিকার থেকে লোকজনকে ওই এলাকা ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করা হয়।
এক প্রত্যক্ষদর্শী ইআরটিকে বলেন, ‘আমরা সবাই হতবাক হয়ে গিয়েছিলাম। বিমানটি আকাশে উঠেছিল তিন মিনিটও হয়নি।’
এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমানটি ‘এথেন্স ফ্লাইং উইক’ নামে বার্ষিক এয়ার শোতে অংশ নিচ্ছিল। সামরিক ও বেসামরিক উড়োজাহাজের বিভিন্ন দল নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিমান চালনা দল অংশ নেয়।
সূত্র: রয়টার্স