
ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনে সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় ইউটিউবার আস মোহাম্মদ নিহত হয়েছেন। ‘ইউকে রাইডার আশু’ নামে পরিচিত এই ইউটিউবারের বয়স হয়েছিল ২৫ বছর। মৃত্যুর মাত্র একদিন আগে তিনি প্রায় ২২ লাখ টাকা দামের নতুন কাওয়াসাকি নিনজা জেডএক্স-১০আর সুপারবাইক কিনেছিলেন।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে দেরাদুনের সাহাসপুর এলাকার বল্লমপুর-পাওন্তা মহাসড়কের হিন্দুওয়ালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার নতুন বাইকটি কেনার পর শুক্রবার সকালে সেটি নিয়ে দেরাদুন থেকে পাওন্তা সাহেবের দিকে যাচ্ছিলেন আশু। পথে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় তার মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে। খবর পেয়ে সাহাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
সাহাসপুর কোতোয়ালির ইনচার্জ প্রদীপ সিং রাওয়াত জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। বাইকটি নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে, নাকি অন্য কোনো অজ্ঞাত গাড়ির ধাক্কায় এ ঘটনা ঘটেছে-তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
আস মোহাম্মদ বিভিন্ন দামি ও স্পোর্টস বাইক নিয়ে ভ্লগ তৈরি করতেন। ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যা ছিল ১০ লাখের বেশি। তার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পরিবার, স্বজন ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আস মোহাম্মদ ভারতের উত্তরাখণ্ডের রুরকির বধেহেরী রাজপুতানা এলাকার বাসিন্দা ছিলেন।