
সংক্রামক ও তীব্র ভাইরাসজনিত রোগ হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৪৩ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৯৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন এবং হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৮৬১ জনের।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৭ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এছাড়া ৮৮৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
এ নিয়ে চলতি বছরে দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৫৩ জনে। একই সময়ে হামের উপসর্গ পাওয়া গেছে মোট ১ লাখ ৫৫ হাজার ৬৭৮ জনের শরীরে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে সারাদেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩৬ হাজার ২৫৭ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩১ হাজার ২৬৪ জন।