
বগুড়ার কাহালুতে মালবোঝাই ট্রাকের চাপায় রিফাত (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) বিকেলে বগুড়া-নওগাঁ মহাসড়কের বিবিরপুকুর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিফাত কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের শিলকওঁর দক্ষিণপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি দুপচাঁচিয়া উপজেলার একটি কোম্পানিতে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।
কাহালু থানার উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী জানান, রিফাত মোটরসাইকেল নিয়ে দুপচাঁচিয়ার দিকে যাচ্ছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে বিবিরপুকুর বাজারের পশ্চিম পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি মালবোঝাই ট্রাক তাকে মোটরসাইকেলসহ চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিফাতের মৃত্যু হয়।
এসআই সেকেন্দার আলী আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করেন। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিফাতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।