
রাজধানীর মিরপুরে গাড়িচাপায় মো. শামীম নামে ঢাকা ওয়াসার এক কর্মচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর ৬টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকার সেনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীমের গ্রামের বাড়ি পাবনা জেলার বেড়া উপজেলার পাইকখন্দ বারাদিয়া গ্রামে। তিনি প্রায় ২৫ বছর ধরে ঢাকায় ওয়াসায় কর্মরত ছিলেন।
থানা পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে ওয়াসার কাজ করছিলেন শামীম। এ সময় একটি চলন্ত গাড়ি এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত চালককে আটক করা হয়েছে এবং গাড়িটি জব্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।