
রোববার (২৩ আগস্ট) ছিল বৌভাতের দিন। কিন্তু তার আগের রাতেই গায়ে হলুদের আনন্দ মুহূর্তে পরিণত হয় বিষাদে। কনের বাড়িতে গায়ে হলুদ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মাহিন নামে এক কিশোর বর। তাঁর মৃত্যুর খবরে দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
নিহত মাহিন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর সঙ্গে মিফতাহ নামের এক কিশোরীর বিয়ে হয়েছিল। মিফতাহ লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুজনের বয়স ১৪ থেকে ১৫ বছরের মধ্যে। দুই দিন আগে চুপিসারে তাদের বিয়ে সম্পন্ন হয়। কনে এখনো স্বামীর বাড়িতে ওঠেননি। এর মধ্যেই স্বামীকে হারিয়ে বিধবা হয়েছেন তিনি।
জানা গেছে, শনিবার রাতে কনের বাড়িতে আয়োজন করা হয় গায়ে হলুদের অনুষ্ঠান। সেখানে বর মাহিনও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের বকুলতলা এলাকায় বেড়ির মাথা-মোল্লারহাট সড়কে দুর্ঘটনার শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে।
কনের মামা জাহেদুন সোহেল বলেন, গায়ে হলুদের অনুষ্ঠানে সবাই আনন্দে মেতে উঠেছিলেন। কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার পরই সেই আনন্দ বিষাদে পরিণত হয়। রোববার বৌভাতের আয়োজন ছিল। কনের বাড়িতে দাওয়াতের রান্নার জন্য আনা হাঁড়ি-পাতিল এলোমেলো পড়ে ছিল। বরের জন্য নির্ধারিত জায়গাটিও খালি পড়ে থাকে। অতিথিদের বসানোর জন্য প্লাস্টিকের চেয়ারও আর বিছানো হয়নি।
নিহতের এলাকার বাসিন্দা হুমায়ুন কবির বলেন, গায়ে হলুদে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। মাত্র দুই দিন আগে তাঁর বিয়ে হয়েছিল। বিয়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে কনের বাড়িতে গায়ে হলুদের আয়োজন করা হয়েছিল।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর তিনি শুনেছেন। তবে মরদেহ কোথায় নেওয়া হয়েছে এবং দুর্ঘটনার বিস্তারিত তথ্য এখনো তাঁর জানা নেই।