
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগটিতে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪২ জনে।
শনিবার (২২ আগস্ট) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুটির বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়। তার বয়স ৮ মাস। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪ জনে।
জেলাভিত্তিক হিসাবে, নিশ্চিত হাম আক্রান্তদের মধ্যে সিলেটে ৩৩৬ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন। হবিগঞ্জে আক্রান্তদের মধ্যে রুবেলার দুই রোগীও রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ৯১ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪১ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৩২৬ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২৩ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১৫ জন চিকিৎসা নিচ্ছেন।
এ ছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৪ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩২ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
জেলাভিত্তিক হিসাবে চলতি বছরে সন্দেহজনক হাম রোগে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সুনামগঞ্জে ৫৫ জনের। এ ছাড়া সিলেটে ৫১ জন, হবিগঞ্জে ১৪ জন এবং মৌলভীবাজারে ১২ জন মারা গেছেন।
অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে ৪ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ১ জন এবং সুনামগঞ্জে ১ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সিলেট বিভাগে চলতি বছরে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে ১৪২ জনের মৃত্যু হয়েছে।