
নড়াইলের কালিয়া উপজেলায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের সময় সবুজ মোল্যা (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
রোববার (১৬ আগস্ট) রাত ৯টার দিকে কালিয়া-খুলনা সড়কের মাধবপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সবুজ মোল্যা উপজেলার মাধবপাশা গ্রামের মৃত আবুল কালাম মোল্যার ছেলে। তিনি কৃষিকাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে মাধবপাশা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সবুজ মোল্যা। সংঘর্ষের মধ্যে পড়ে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সৌমিক সাহা তাকে মৃত ঘোষণা করেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।