
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ১০১ জনের শরীরে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার (১৬ আগস্ট) পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০৮ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮০৯ জনের।
রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হামের পরিস্থিতি বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। আর হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ২১ জনের শরীরে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৬ আগস্ট পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৮০ জনে। একই সময়ে হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা হয়েছে ১ লাখ ৪২ হাজার ৭৫৭ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৪ হাজার ৪৫৭ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১৯ হাজার ৯৩৯ জন।
হামের উপসর্গের রোগী ও মৃত্যুর সংখ্যা অব্যাহতভাবে বাড়তে থাকায় শিশুদের মধ্যে জ্বর, সর্দি-কাশি ও শরীরে লালচে ফুসকুড়িসহ হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্যসংশ্লিষ্টরা।