ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৮ অগাস্ট ২০২৬, ১:৫৮ বিকাল

Link Copied!

দেশে মোটরসাইকেল দুর্ঘটনা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। ২০২০ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত সাড়ে সাত বছরে ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫ হাজার ৭১২ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ হাজার ১৪৩ জন। নিহতদের বড় একটি অংশ কিশোর ও তরুণ।

শনিবার (৮ আগস্ট) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংগঠনটির তথ্য অনুযায়ী, এ সময়ে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ২০২১ সালে। ওই বছর ২ হাজার ৭৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২ হাজার ২১৪ জন নিহত হন। এরপর ২০২৫ সালে ৩ হাজার ২৯টি দুর্ঘটনায় ২ হাজার ৬৭১ জন এবং ২০২৪ সালে ২ হাজার ৭৬১টি দুর্ঘটনায় ২ হাজার ৬০৯ জন নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে ১ হাজার ৩৮১টি দুর্ঘটনায় ১ হাজার ৪৬৩ জন, ২০২৩ সালে ২ হাজার ৫৩২টি দুর্ঘটনায় ২ হাজার ৪৮৭ জন এবং ২০২৬ সালের জুলাই পর্যন্ত ১ হাজার ৩১১টি দুর্ঘটনায় ১ হাজার ১৭৭ জন নিহত হয়েছেন। তবে ২০২২ সালের দুর্ঘটনা ও প্রাণহানির পরিসংখ্যানে প্রতিবেদনে অসামঞ্জস্য রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

ভারী যানবাহনের ধাক্কায় বেশি দুর্ঘটনা

রোড সেফটি ফাউন্ডেশনের বিশ্লেষণে দেখা যায়, মোটরসাইকেল দুর্ঘটনার সবচেয়ে বড় অংশ ঘটেছে ভারী যানবাহনের ধাক্কায়। ১৬ হাজার ৬৫টি দুর্ঘটনার মধ্যে ৬ হাজার ৩১৪টি বা ৩৯ দশমিক ৩০ শতাংশ দুর্ঘটনা এ কারণে ঘটেছে।

এ ছাড়া চালক নিয়ন্ত্রণ হারিয়ে ৫ হাজার ৪৯৭টি বা ৩৪ দশমিক ২১ শতাংশ দুর্ঘটনা ঘটেছে। মুখোমুখি সংঘর্ষে হয়েছে ৩ হাজার ৫৪৮টি বা ২২ দশমিক ৮ শতাংশ দুর্ঘটনা। অন্যান্য কারণে ঘটেছে ৭০৬টি বা ৪ দশমিক ৩৯ শতাংশ দুর্ঘটনা।

দুর্ঘটনায় দায়ী যানবাহনের তালিকায়ও পণ্যবাহী যানবাহন এগিয়ে। ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ, ট্রাক্টর, ট্রলি ও লরিসহ পণ্যবাহী যানবাহন ৬ হাজার ৪৮১টি দুর্ঘটনার জন্য দায়ী, যা মোট দুর্ঘটনার ৪০ দশমিক ৩৪ শতাংশ।

অন্যদিকে মোটরসাইকেল চালক এককভাবে দায়ী ছিলেন ৫ হাজার ৮৩১টি দুর্ঘটনার জন্য। বাসের চালক দায়ী ২ হাজার ১৬৪টি দুর্ঘটনার জন্য। এ ছাড়া তিন চাকার যান, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স, জিপ, বাইসাইকেল ও রিকশার কারণেও দুর্ঘটনা ঘটেছে।

আঞ্চলিক সড়কে দুর্ঘটনা বেশি

সড়কের ধরন অনুযায়ী সবচেয়ে বেশি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে। এসব সড়কে ৬ হাজার ৬৮৯টি দুর্ঘটনা ঘটেছে, যা মোট দুর্ঘটনার ৪১ দশমিক ৬৩ শতাংশ।

জাতীয় মহাসড়কে ৪ হাজার ৭৭৩টি, শহরের সড়কে ২ হাজার ৬৪৬টি এবং গ্রামীণ সড়কে ১ হাজার ৯৫৭টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ অনুযায়ী, দেশে নিবন্ধিত মোট মোটরযানের প্রায় ৭১ শতাংশই মোটরসাইকেল। এর একটি বড় অংশ কিশোর ও তরুণেরা ব্যবহার করেন। বেপরোয়া গতি, ট্রাফিক আইন না মানা এবং সড়কে প্রতিযোগিতামূলকভাবে মোটরসাইকেল চালানোর প্রবণতা দুর্ঘটনার অন্যতম কারণ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মোটরসাইকেল দুর্ঘটনায় আক্রান্তদের ৫৮ শতাংশের বয়স ১৩ থেকে ৩৫ বছরের মধ্যে। সহজলভ্য ও তুলনামূলক কম খরচে চলাচলের সুযোগের পাশাপাশি গণপরিবহনের সংকট ও যানজটের কারণে মোটরসাইকেলের ব্যবহার বাড়ছে।

মানসম্মত হেলমেট ব্যবহারের তাগিদ

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি কমাতে মানসম্মত হেলমেট ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। সংগঠনটির মতে, মানসম্মত হেলমেট দুর্ঘটনায় মৃত্যুর ঝুঁকি প্রায় ৪৮ শতাংশ কমাতে পারে।

সংগঠনটি বলছে, দুর্ঘটনা কমাতে শুধু মোটরসাইকেল চালকদের সচেতন করলেই হবে না। বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ, নিরাপত্তা ও নজরদারি প্রযুক্তির ব্যবহার এবং মানসম্মত হেলমেট নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মসূচি, সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপদ মোটরসাইকেল চালানো নিয়ে প্রচারণা, নিরাপদ সড়ক অবকাঠামো নির্মাণ এবং সহজ ও যাত্রীবান্ধব গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে সংস্থাটি।

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনা কমাতে চালকদের পাশাপাশি ভারী যানবাহনের চালকদের প্রশিক্ষণ ও নজরদারি বাড়াতে হবে। সড়ক অবকাঠামো, গণপরিবহন ব্যবস্থা ও ট্রাফিক আইন প্রয়োগ একসঙ্গে জোরদার করা না হলে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানির এই প্রবণতা থামানো কঠিন হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা