
বান্দরবান সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ম্রো ও খুমী সম্প্রদায়ের শিশুদের জন্য মানবিক সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল (বিএমএসসি)। সংগঠনটির উদ্যোগে ভর্তি শিশুদের জন্য ফলমূল, ডাব, বিশুদ্ধ মিনারেল পানি ও বিভিন্ন ধরনের খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের অভিভাবকদের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন সংগঠনটির নেতারা।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বান্দরবানের দুর্গম এলাকায় হামের প্রাদুর্ভাব বেড়েছে। রুমা উপজেলায় হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত আট শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। বর্তমানে বান্দরবান সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ম্রো ও খুমী সম্প্রদায়ের ২২ শিশু চিকিৎসাধীন রয়েছে।
বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের বান্দরবান জেলা শাখার সভাপতি থোয়াই অং মারমা বলেন, সাম্প্রতিক বন্যার সময়ও সংগঠনটি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার হামে আক্রান্ত শিশুদের জন্য ডাব, ফলমূল, বিশুদ্ধ পানি ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। তিনি দেশের ও বিদেশের বিত্তবান ও মানবিক মানুষকে এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তৌহিদুল আনোয়ার জানান, বর্তমানে হামের উপসর্গ নিয়ে ২২ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে তাদের মধ্যে কোনো রোগীর অবস্থা জটিল বা আশঙ্কাজনক নয়।