ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

এক বছর পর ফের চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ জুলাই ২০২৬, ১২:০০ বিকাল

Link Copied!

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর জাপানের নারিতা বিমানবন্দরের সঙ্গে ঢাকা থেকে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার (২৭ জুলাই) থেকে এ রুটে আবারও নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে।

সোমবার ভোর ২টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৭৬ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নারিতার উদ্দেশ্যে ছেড়ে যায়। বাংলাদেশ সময় সকাল ১১টা ২৫ মিনিটে ফ্লাইটটির জাপানে পৌঁছানোর কথা ছিল।

ঢাকা-নারিতা রুটটি পুনরায় চালুর ফলে বাংলাদেশ ও জাপানের মধ্যে সরাসরি আকাশ যোগাযোগ আরও শক্তিশালী হবে বলে আশা করছে সরকার। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, পর্যটন ও জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রেও এ রুট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

রোববার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, ঢাকা-নারিতা রুটটি আর স্থগিত করার কোনো প্রশ্ন নেই। সরকার এ রুটকে দীর্ঘমেয়াদে চালু রাখার পাশাপাশি বাণিজ্যিকভাবে লাভজনক করার বিষয়ে আশাবাদী।

তিনি বলেন, উদ্বোধনী ফ্লাইটের পাশাপাশি ফিরতি ও পরবর্তী ফ্লাইটগুলোর টিকিটও বিক্রি হয়েছে। এতে জাপানে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

মন্ত্রী আরও বলেন, ঢাকা-নারিতা রুট পুনরায় চালু করা বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, জাপানে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী, কর্মী, ব্যবসায়ী ও প্রবাসীদের যাতায়াতের চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে রুটটি পুনরায় চালু করা হয়েছে। ভবিষ্যতে চাহিদা বাড়লে বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

প্রাথমিকভাবে ঢাকা-নারিতা-ঢাকা রুটে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করবে বিমান। এর আগে জানানো হয়েছিল, শুরুতে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে এ রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। যাত্রী চাহিদা ও বাণিজ্যিক সম্ভাবনা বিবেচনায় পরবর্তী সময়ে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০২৫ সালের ১ জুলাই অপারেশনাল ও বাণিজ্যিক নানা চ্যালেঞ্জের কারণে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছিল। সে সময় হজ ফ্লাইট পরিচালনার চাপ, উড়োজাহাজ সংকট ও বাণিজ্যিক বাস্তবতাকে রুট স্থগিতের কারণ হিসেবে উল্লেখ করা হয়।

এর আগে দীর্ঘ বিরতির পর ২০২৩ সালের সেপ্টেম্বরে ঢাকা-নারিতা রুটে আবার ফ্লাইট চালু করেছিল বিমান। এবার এক বছরের বেশি সময় পর পুনরায় চালু হলো বাংলাদেশের সঙ্গে জাপানের এই সরাসরি আকাশ যোগাযোগ।

সরকার ও সংশ্লিষ্টরা আশা করছেন, ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে জাপানে বসবাসরত বাংলাদেশিদের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণেও রুটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত