
লক্ষ্মীপুরে বেপরোয়া গতির ড্রামট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চৌধুরী রুবেল (৩০) নামে সাবেক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।
সোমবার (২৭ জুলাই) ভোরে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর শহরের মজুচৌধুরীরহাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল লক্ষ্মীপুর পৌর শহরের জনকল্যাণ উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার ফারুক হোসেন চৌধুরীর বড় ছেলে। পেশায় তিনি লাল-সবুজ পরিবহনের কাউন্টার ম্যানেজার ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে রুবেল একটি সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী হিসেবে যাচ্ছিলেন। পথে যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ড্রামট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে রুবেলের হাত-পা ও মাথায় গুরুতর জখম হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।
নিহতের ভাই সাবেক ছাত্রদল নেতা শরীফ হোসেন চৌধুরীর বরাত দিয়ে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মুন্না বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ড্রামট্রাকের চাপায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাবেক ছাত্রদল নেতা রুবেলের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে ছাত্রদলের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, রুবেলের মৃত্যুর বিষয়টি পরিবারের পক্ষ থেকে এখনো পুলিশকে জানানো হয়নি। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘাতক ড্রামট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।