
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে একটি মালবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার সময় ট্রাকটি চালাচ্ছিলেন চালকের সহকারী (হেলপার)। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে নগরীর শম্ভুগঞ্জ এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের শিলা আক্তার, সদর উপজেলার রঘুরামপুর গ্রামের আবেদা খাতুন এবং নগরীর জুবলি ঘাট এলাকার দেবরাজ ঘোষ। আহত তানিয়া সুলতানাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, দুপুর ১২টার দিকে শম্ভুগঞ্জ এলাকার একটি পশুখাদ্য প্রতিষ্ঠানের ডিপোতে মালামাল নামিয়ে মহাসড়কে ওঠার সময় ট্রাকটি শম্ভুগঞ্জ থেকে কলতাপাড়াগামী ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে আটকে যায়। ঘটনাস্থলেই একজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুই নারীর মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার সময় ট্রাকটি চালাচ্ছিলেন চালকের সহকারী। তবে এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় অটোরিকশাটি ট্রাকের নিচে চলে যায়। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।