
বান্দরবানের রেইছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আগামী শনিবার (৪ জুলাই) দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পে দেড় থেকে দুই হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে আয়োজকরা।
বৃহস্পতিবার (২ জুলাই) পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মংয়ের মাধ্যমপাড়া কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
আয়োজক কমিটির সভাপতি উছোমং মারমা লিখিত বক্তব্যে জানান, পার্বত্য অঞ্চলের অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রেইছা উচ্চ বিদ্যালয়ে এ চিকিৎসা ক্যাম্প চলবে।
তিনি জানান, ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চোখের প্রাথমিক পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হবে। এছাড়া যেসব রোগীর ছানি অপারেশনের প্রয়োজন হবে, তাদের চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।
চক্ষু চিকিৎসার পাশাপাশি বিভিন্ন সাধারণ রোগের জন্যও বিশেষজ্ঞ চিকিৎসকেরা বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করবেন। ক্যাম্পে ১০ জন চক্ষু বিশেষজ্ঞসহ অভিজ্ঞ চিকিৎসকরা সেবা দেবেন।
চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করবেন ডা. মং উষাথোয়াই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং।
চিকিৎসা ক্যাম্পের মূল আয়োজক ৩ নম্বর বান্দরবান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংসাহ্লা মারমা। সহযোগিতায় রয়েছেন রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যঅংপ্রু মারমা, কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা, সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা, টংকাবর্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাংয়ং ম্রো প্রদীপ এবং জামছড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেমপ্রু মারমা।
চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করবে। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং।
সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির সদস্য সাইফুল ইসলাম, মাহাবুব হাসান খান বাবুল, উচথিং মারমা, বিরলাল তঞ্চঙ্গ্যা এবং বান্দরবানে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।