
বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেশে আবারও বাড়তে শুরু করেছে মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (২৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত রোববার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। একই সময়ে আক্রান্তের সংখ্যা প্রায় পাঁচ হাজারে পৌঁছেছে।
তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ জুন পর্যন্ত দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮ জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত যেসব জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া যায়নি সেগুলো হলো— শরীয়তপুর, মৌলভীবাজার, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়।
প্রতি বছরের মতো বর্ষাকালে ডেঙ্গুর বিস্তার বাড়লেও গত বছরের তুলনায় চলতি বছরের পরিস্থিতি এখনও তুলনামূলক নিয়ন্ত্রণে রয়েছে। গত বছর একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭ হাজার ৭৭ জন এবং মারা যান ৩০ জন।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে পরিস্থিতি দ্রুত জটিল আকার ধারণ করতে পারে। এ কারণে আগাম প্রস্তুতি হিসেবে সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
এরই মধ্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে প্রধান করে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। পাশাপাশি রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে দুই সিটি করপোরেশন মশকনিধন ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে।