
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. রিবুল হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের কয়েকজন যাত্রীও আহত হয়েছেন।
সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার করিমপুর হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রিবুল হোসেন জেলার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়া ডাঙ্গী এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে করে যাওয়ার সময় মাগুরা থেকে ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
করিমপুর হাইওয়ে থানার ওসি মো. জহুরুল ইসলাম বলেন, দুর্ঘটনার সময় বাসের কয়েকজন যাত্রীও আহত হয়েছেন। ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।